
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির চেষ্টার অভিযোগে ইমন (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ইমন বাকলিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর ফুফু রেহানা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। তাঁরা নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা ও বাস্তুহারা বস্তির বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টা করার অভিযোগে ইমনকে আটক করা হয়। পরে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি সেতুর নিচে তাঁকে ফেলে রাখা হয়।
খবর পেয়ে ইমনের ফুফু ও তাঁর ছেলে ঘটনাস্থলে গিয়ে ইমনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বর্তমানে ইমনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, এ ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।