বিশেষ প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি নগরের ঐতিহাসিক জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর আগমন ঘিরে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যেও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত হয়েছে। সফরটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
নগরের রহমতগঞ্জ এলাকায় অবস্থিত ঐতিহাসিক যাত্রীমোহন সেনগুপ্ত (জেএম সেন) হল চট্টগ্রামে দুর্গাপূজা উদ্যাপনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিবছর এখানে কেন্দ্রীয়ভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পূজামণ্ডপটি নানা শ্রেণি-পেশার মানুষের মিলনস্থলে পরিণত হয়।
ঐতিহাসিক এ স্থাপনাটি ১৯২০ সালে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত তাঁর পিতা যাত্রীমোহন সেনগুপ্তের স্মরণে প্রতিষ্ঠা করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ও প্রগতিশীল সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে স্থানটির রয়েছে নিবিড় ঐতিহাসিক সম্পর্ক।