
চীনের দালিয়ান সফরকে ঘিরে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই তিনি অংশ নেবেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) সামার দাভোস সম্মেলনে। সেখানে ‘Climate Leadership in a Shifting Global Landscape’ শীর্ষক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সম্মেলনের ফাঁকে ডব্লিউইএফের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তাঁর সরকারি সফরের মূল কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হচ্ছে আগামী ২৫ জুন অনুষ্ঠিতব্য ‘Bangladesh Investment Forum’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং নীতিগত সুবিধাগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেওয়া চীনা উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম সরকারি বিদেশ সফর ছিল মালয়েশিয়া।
মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। দুই নেতার একান্ত বৈঠকের পাশাপাশি সীমিত ও পূর্ণাঙ্গ প্রতিনিধিদল পর্যায়ের বৈঠকেও দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সফর শেষে দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন। পাশাপাশি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
গত ২১ জুন দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিদেশ সফরে রওনা দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে তাঁর বিমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।