
আনোয়ারায় চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল কবির রানাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সনাতন সম্প্রদায়
চাতরীর ২৮০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণসহ, ছয়টি মন্দির ও বিভিন্ন সংঘটনে ১ লাখ ৩০ হাজার টাকার অনুদান দিলেন এডভোকেট নুরুল কবির রানা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নুরুল কবির রানা। এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে আর্থিক অনুদানের চেক প্রদান করেন। পাশাপাশি কৈনপুরা, কেয়াঘর ও সিংহরা এলাকার ২ হাজার ৮০০ জন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় এসব কর্মসূচি পালন করেন নুরুল কবির রানা।
পরিদর্শনকালে তিনি কৈনপুরা অগ্রণী সংঘকে ৪০ হাজার টাকা, সিংহরা লোকনাথ মন্দিরকে ৩০ হাজার টাকা, কেয়াঘর মধ্যমপাড়া দুর্গামন্দিরকে ২০ হাজার টাকা, কেয়াঘর পশ্চিমপাড়া দুর্গামন্দিরকে ১৫ হাজার টাকা, কেয়াঘর মধ্যমপাড়া হরিমন্দিরকে ১৫ হাজার টাকা এবং কৈনপুরা সচেতন সংঘকে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন। সব মিলিয়ে ছয়টি মন্দির ও সংগঠনকে মোট ১ লাখ ৩০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।
এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ২ হাজার ৮০০টি বস্ত্র বিতরণ করেন তিনি। পূজারীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন মন্দিরে যাওয়ার বিশেষ রাস্তাও সংস্কার করা হয়।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার মাধ্যমে তিনি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রতি গুরুত্ব দেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজামণ্ডপের প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।