
গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে চার বছরের পথচলা উদযাপন করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের আনোয়ারা শাখা। গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে শাখাটির চতুর্থ বর্ষপূর্তি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রামের আনোয়ারায় কালাবিবির দিঘীর মোড়ে অবস্থিত ব্যাংকটির শাখা কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক এস এম ওবাইদুল কাদের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করেন।
অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক এস এম ওবাইদুল কাদের বলেন, চার বছর আগে গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় নিয়ে আনোয়ারা শাখার যাত্রা শুরু হয়েছিল। এ দীর্ঘ পথচলায় গ্রাহকদের আস্থা, ভালোবাসা ও সবার আন্তরিক সহযোগিতা ব্যাংকের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গত চার বছর ধরে নিরলসভাবে কাজ করছে ব্যাংকটি। ডিজিটাল ব্যাংকিং, ঋণ সুবিধা ও বিভিন্ন ডিপোজিট স্কিমের মাধ্যমে গ্রাহকদের পাশে থাকার চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহকদের সন্তুষ্টিই তাঁদের সবচেয়ে বড় অর্জন।
তিনি বলেন, ব্যাংক কেবল আর্থিক লেনদেনের মাধ্যম নয়; বরং সমাজ ও মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার। তাই ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের জীবনমান উন্নয়নেও অবদান রাখতে চায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
অনুষ্ঠানের শেষপর্বে কেক কাটা, মিলাদ মাহফিল ও উপস্থিত অতিথিদের মিষ্টিমুখ করানো হয়।
এ সময় ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।