
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের কালুরঘাট থেকে শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার সিটি আউটার রিং রোডে সকালে সাইকেল চালানো ও দৌড়ানোর সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির ধাওয়ার মুখে পড়ার কথা জানিয়েছেন এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী।
ঘটনাটিকে সম্ভাব্য ছিনতাইয়ের আশঙ্কা হিসেবে উল্লেখ করে ওই সড়কে প্রাতঃভ্রমণকারী ও সাইকেলচালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক স্ট্যাটাসে ওই দিনের অভিজ্ঞতা তুলে ধরেন বাবর আলী।
স্ট্যাটাসে তিনি জানান, সকালে সাইকেল নিয়ে নতুন ব্রিজ-কালুরঘাট সড়কে যান তিনি। সঙ্গে ছিলেন ইরফান। কল্পলোক আবাসিক এলাকা দিয়ে সড়কে প্রবেশের পর দৌড়ানোর প্রস্তুতি নিতে নদীর পাড়ে কংক্রিটের ব্লকের কাছে নামেন তাঁরা। সেখানে তিনজনকে রেলিংয়ের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁরা সাইকেল নিয়ে সড়কের ওপরে উঠে আসেন।
পরে ওই তিনজনসহ আরও দুজনকে আশপাশে অবস্থান করতে দেখেন তাঁরা। একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিরা তাঁদের পিছু নেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন বাবর আলী। পরিস্থিতি বুঝতে পেরে তাঁরা কল্পলোক আবাসিক এলাকার দিকে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পেছনে থাকা ব্যক্তিরা তাঁদের দিকে দ্রুত এগিয়ে আসতে শুরু করেন।
বাবর আলী জানান, পরিস্থিতি আরও সন্দেহজনক হয়ে উঠলে ইরফান তাঁর মোবাইল ফোন ও হ্যান্ডহেল্ড ক্যামেরা বাবর আলীর হাতে দিয়ে তাঁকে দ্রুত সাইকেল চালিয়ে সামনে এগিয়ে যেতে বলেন। ইরফানও দৌড়ে তাঁর সঙ্গে এগিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা ওই স্থান থেকে সরে যেতে সক্ষম হন। তাঁদের ধারণা, এ ঘটনায় সম্ভাব্য ছিনতাইয়ের ঝুঁকি ছিল।
স্ট্যাটাসে বাবর আলী আশঙ্কা প্রকাশ করেন, একা থাকলে তাঁর সাইকেল ও মোবাইল ফোন খোয়ানোর পরিস্থিতি তৈরি হতে পারত। তবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা ছিল কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য তিনি উল্লেখ করেননি।
নতুন ব্রিজ-কালুরঘাট সড়কের ওই এলাকায় প্রতিদিন অনেকে প্রাতঃভ্রমণকারী, দৌড়ানো ও সাইকেল চালানোর জন্য যান। তাঁদের সতর্ক করে বাবর আলী একা না গিয়ে দলবদ্ধভাবে এসব কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন।