বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় আস্থা ও বিশ্বাসের অঙ্গীকারে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ বর্ষপূর্তি নুরুল কবির রানাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সনাতন সম্প্রদায় আনোয়ারায় দুর্গাপূজায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদের উপহার বিতরণ শুরু শারদীয় শুভেচ্ছা জানালেন আনোয়ারা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহেদ প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন ২০ অক্টোবর, পরিদর্শন করবেন জেএম সেন হলের পূজামণ্ডপ বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আনোয়ারায় কারিগরি শিক্ষার দুয়ার খুলল এআইএসটি দ্বিতীয় আউটার রিং রোড সড়কে নিরাপত্তাশঙ্কা, সতর্ক করলেন এভারেস্টজয়ী বাবর আলী আনোয়ারার চাতরীর চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে নুরুল কবির রানা

আনোয়ারায় কারিগরি শিক্ষার দুয়ার খুলল এআইএসটি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারায় কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে অ্যাডভান্স ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এআইএসটি)। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর প্রতিষ্ঠানটিতে পলিটেকনিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত কারিগরি শিক্ষা গ্রহণ ও কর্মসংস্থানমুখী দক্ষতা অর্জনের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
এআইএসটির অনুমোদন, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে প্রতিষ্ঠানটির উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার কালাবিবির দিঘীর মোড়ে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কারিগরি শিক্ষার গুরুত্ব, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান উপযোগী প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে আনোয়ারায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রযোজ্য অনুমোদন অনুযায়ী এআইএসটিতে সিভিল টেকনোলজি ও ইলেকট্রিক্যাল টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে।
এ বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ শিক্ষাসুবিধা। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে প্রথম দুই বছর বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন তারা। আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো শিক্ষার্থী কারিগরি শিক্ষা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থানের পথ সুগম হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ডিপ্লোমা শিক্ষার পাশাপাশি প্রযোজ্য অনুমোদন অনুযায়ী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অধীন বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মদক্ষতা বাড়ানো এবং কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে এআইএসটির চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন বলেন, আনোয়ারার তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের প্রস্তুত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও বলেন, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা প্রয়োজন। কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এআইএসটি ভূমিকা রাখতে চায়।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102